সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীতে ইমাম ও ওলামা মাশায়েখদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল নরসিংদী জেলা শাখা।
এতে নরসিংদী-১ (সদর) নির্বাচনী এলাকায় অবস্থিত বিভিন্ন মসজিদের ৪ শতাধিক ইমাম ও ওলামা মাশায়েখ অংশগ্রহণ করেন। এসময় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন ইমাম-ওলামারা।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এসময় খায়রুল কবির খোকন বলেন, বিভিন্ন ইসলামী দল তাদের প্রতিকে ভোট দিলে জান্নাতবাসী হবেন বলে বিভ্রান্তি করেন। এসব বিভ্রান্তি করা ঠিক না। আমি যদি সংসদে যেতে পারি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি তুলব। বিগত ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করে ইমাম-ওলামাদের অযুর পানি পর্যন্ত দেয়নি। ২০১৩ সালে জালিম সরকার শাপলা চত্বরে অন্যায়ের প্রতিবাদ করতে যাওয়া আলেম ওলামাদের রক্তের বন্যা বয়ে দিয়েছিল।
জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো: নোমান আহমেদ, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মো: আলতাফ হোসেন, সদস্য সচিব মোঃ নুরুজ্জামান মোল্লা, মাওলানা মজিবর রহমান, মাওলানা আলী আজগর, জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান মোস্তফা সারোয়ার প্রমুখ।