বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর উদ্যোগে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে “অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল”। শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে ছোট্ট খেলোয়াড়দের অংশগ্রহণে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ শামসুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট অপারেশন্স কমিটির আহ্বায়ক জাহিদুল কবির ভূইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূইয়া, একেএম গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, নরসিংদী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেল, হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ, অহিদুজ্জামান অহিদ প্রমুখ।
কার্নিভাল প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের অনূর্ধ্ব-১২ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে ৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে সাটিরপাড়া কালি কুলার উচ্চ বিদ্যালয়, নরসিংদী ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল আলম সোহাগ, রফিকুল ইসলাম সুজন এবং ক্রিকেট উপ কমিটির সদস্য সাইফুল ইসলাম মোল্লা জসি, মোহাম্মদ আলী বাবু, সাখাওয়াত হোসেন জিমী, লাজওয়াল হোসেন আদর, জাকারিয়া হোসেন, অহিদুজ্জামান অপু সহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়া আম্পায়ার, খেলোয়াড়দের অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও উপস্থিত ছিলেন।