নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুলাল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন ।
সোমবার রাতে রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমিবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুলাল সরকার সমিবাদ গ্রামের আব্দুল মালেক এর ছেলে সে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। আহত হলেন একই গ্রামের বেলাল সরকার এর ছেলে মাহিন (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমধুয়া ইউনিয়নে সমিবাদ গ্রামে রাত ৯ টার দিকে সাবেক ইউপি সদস্য খোকা আলম ও জাকির হোসেন গ্রুপের অনুসারীদের মধ্য সংঘর্ষ হয় এতে খোকা আলম গ্রুপের দুলাল সরকার নামে একজন গুলিবিদ্ধ ও মাহিন নামে একজন গুরুত্বর আহত হয়। পরে দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে দুলাল সরকার মৃত্যুবরণ করেন এবং অপর আহত মাহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।