বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট শিরিন সুলতানা বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ তারিখ দেশে আসছেন, অনেকেই বলেছেন তারেক রহমান আসবে না, সকলের মুখে চুনকালি দিয়ে, সকলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমাদের নেতা তারেক রহমান আসছে। আগামীদিনে বাংলাদেশের জনগণকে নিয়ে আমাদের যে কাঙ্খিত লক্ষ্য ১২ই ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা ভোট দিয়ে সারা বাংলাদেশের বিএনপি’র প্রার্থীদেরকে বিজয়ী করবো।
তিনি ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণদেরকে ভুল বুঝিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বাংলাদেশে “একাত্তর’কে – চব্বিশ’কে” মুখোমুখি দাড় করাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। একাত্তর’র সাথে কোনো কিছুর তুলনা হয় না। একাত্তর হচ্ছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। তবে, বিগত দিনে আমরা জনসভা করতে পারিনি, আমাদের ভোটের অধিকার ছিলনা, কথা বলার অধিকার ছিলনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিলো। সে কারণেই ২৪শের আন্দোলনে যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা তাদেরকেও স্মরণে রাখতে চাই কিন্তু “একাত্তর’ এর সাথে আমরা ‘চব্বিশ’কে মুখোমুখি করতে চাই না । আজকে যারা ‘চব্বিশ’কে ‘একাত্তর’ এর মুখোমুখি করতে চায় তাদের কোনো উদ্দেশ্য আছে, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, এড.বাছেদ, হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আকবর হোসেন, মহসীন হোসাইন বিদ্যুৎ,স্বপ্না আহমেদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।