দেশ গড়তে, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এ কর্মসূচিকে ঘিরে পুরো জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বুধবার বিকেলে নরসিংদী পৌরসভার সামনে আয়োজিত সমাবেশে অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের আশা জেলার নেতৃবৃন্দের।
জানা যায়, এনসিপির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার রাতেই গাজীপুর থেকে পথসভা শেষ করে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করবেন এবং নরসিংদীতে রাত্রী যাপন করবেন। বুধবার দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে খাবার শেষে মতবিনিময় করবেন। পরে বিকেল সাড়ে ৪ টায় পথযাত্রা শুরু করবেন ও বিকেল ৫ টার দিকে নরসিংদী পৌরসভা সামনে পথসভা করবেন।
এদিকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির জেলার নেতৃবৃন্দরা। জেলার সব উপজেলা থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। সমাবেশ স্থলে গিয়ে দেখা যায় শ্রমিকরা মঞ্চ প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন। সন্ধ্যায় নরসিংদী পৌরসভা চত্বরে স্থাপিত সমাবেশ স্থলের মঞ্চ পরিদর্শন করেন নরসিংদীর নেতৃবৃন্দরা।
এসময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলী বলেন, এনসিপি নির্ভিক একটা দল। এনসিপি রাজপথের যোদ্ধা, কোন ফুটেজ থেকে উঠে আসেনি। এনসিপির নেতারা সবসময় রাজপথে ছিলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। নরসিংদীতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার এইচএসসি পরীক্ষা থাকায় বিকেল চারটা থেকে কর্মসূচি শুরু করা হবে। সমাবেশে বৃদ্ধ থেকে তরুণ সকল বয়সের মানুষ অংশগ্রহণ করবে। আশা করা হচ্ছে সমাবেশস্থলে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটির্র কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, সদর শাখার প্রধান সমন্বয়কারী নূর হোসাইন, ছাত্র সমন্বয়ক ফাহিম ভূইয়া রাজ অভিসহ প্রমুখ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশ স্থলে ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলার সুষ্ঠ পরিবেশ রাখার জন্য পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী কাজ করবে।