“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
আজ সকালে দিবসটি উপলক্ষে মর্ডাণ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে ইনস্টিটিউটের প্রায় শতাধিক নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী জেলা হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে সেখানে একাত্মতা ঘোষণা করে র্যালীতে যোগ দেন নরসিংদী নার্সিং কলেজ এবং নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত নার্সরা। র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা মানবসেবায় নার্সদের মহান ভূমিকার কথা তুলে ধরেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নার্সদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।